পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না করতে পারেন খাদ্যমন্ত্রী
অনলাইন ডেস্কঃ
ইতিহাসের সর্বোচ্চ দামে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে। দেশের বাজারে বিশ্বরেকর্ড করা পেঁয়াজ এখন টক অব দ্যা কান্ট্রি। এমন পরিস্থিতিতে খাবারে পেঁয়াজ ছাড়াই রান্না করতে উৎসাহ দিতে দেখা গেছে প্রভাবশালী অনেক কে। এবার স্বয়ং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানালেন তিনি অন্তত ২২ পদের রান্না করতে পারেন পেঁয়াজ ছাড়াই।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠক করেন খাদ্যমন্ত্রী। এসময় চালকল মালিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
বৈঠকে চালকল মালিকরা পিয়াজের দাম কমানোর দৃষ্টি আকর্ষণ করেন। এসময় মন্ত্রী বলেন, ‘পিয়াজ না খেলে কী হয়?’ মালিকরা উত্তর জানান, ‘পিয়াজ দিলে রান্নায় খুব স্বাদ হয়। খেতেও মজা লাগে।’ তখন খাদ্যমন্ত্রী বলেন, ‘পিয়াজ ছাড়া ২২ পদের রান্না আমি জানি। আপনাদের খাওয়াতেও পারবো।’
সভার উপস্থিত সবাই তখন মন্ত্রীর ২২ পদের খাবার খেতে দাওয়াত চান। মন্ত্রী হাস্যরস করে তার বাসায় আসতে বলেন।
এসময় অনুষ্ঠানে চালকল মালিকদের প্রতি পেঁয়াজের দাম কেলেঙ্কারির মতো চালের দামে যাতে কোনও কেলেঙ্কারি না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন মন্ত্রী।



কোন মন্তব্য নেই