Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারে ইউপি মেম্বারের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ, ভিডিও ভাইরাল

    দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলা ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম (আবু মেম্বার) এর বিরুদ্ধে চাল চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বারুর গ্রামের কুলছুম আক্তার নামে এক মহিলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ভিডিও স্বীকারোক্তিতে কুলছুম আক্তার জানান, তিনি ২বার সরকারি চাল পেলেও তার কার্ডে রয়েছে ১৬টি আঙ্গুলের ছাপ। তিনি আরও জানান, মেম্বার তার নিজের কাছে ওএমএস কার্ড রেখে দিয়েছে এবং কুলছুমকে বলেছে তিনি যেন সবাইকে বলে সে ১৬বার চাল পেয়েছে। আর বাকি বিষয় গুলো মেম্বার সামলে নেবে। মেম্বারের নাকি উপরের মহলে লোক আছে। এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকার অন্যান্য ওএমএস কার্ডধারী অসহায় মানুষরাও তার বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন। তারা জানান, তাদের কার্ডেও একাধিক আঙ্গুলের ছাপ থাকলেও তারা ১বার বা ২বার এর বেশি চাল পাননি। এমনকি তাদের ওএমএস কার্ডটিও মেম্বার তার নিজের কাছে রেখে দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম (আবু মেম্বার) আওয়ামীলীগের গত দুই পিরিয়ডের মেম্বার। তার আগে তিনি তৎকালীন সরকারি দল বিএনপির নেতা ছিলেন। পরে তিনি আওয়ামীলীগে যোগ দিয়ে ইউপি মেম্বার নির্বাচিত হলে এলাকার মানুষের সেবার পরিবর্তে নানান অনিয়ম আর অপকর্মে লিপ্ত হয়ে পরেন। জানা যায়, তার বিরুদ্ধে জুয়া খেলা, নারী কেলেঙ্কারী ও মাদকাসক্তির অভিযোগও রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তার বাড়িতে গেলে তাকে সেখানে পাওয়া যায়নি। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে গিয়ে সাংবাদিকের পরিচয় পেয়ে ফোন কেটে দেয়। পরবর্তীতে অনেকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad