সরকারি ত্রাণ বিতরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় আনসার-ভিডিপি বাহিনী
এ আই রবি, স্টাফ রিপোর্টার /
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে লক ডাউনের কারণে দৈনিক পরিশ্রমি রিক্সা-ভ্যান শ্রমিক ও দিনমজুররা কর্মহীন হয়ে পড়ায় কয়েকদিন ধরে বাঘা উপজেলা প্রশাসন তাদের সহায়তা করার স্বার্থে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ত্রাণ সামগ্রী অসচ্ছল পরিবারদের মাঝে বিতরণ করে আসছে। জনপ্রতিনিধিদের করা তালিকা অনুযায়ী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেয়র ও জনপ্রতিনিধিদের সাথে ত্রাণ সামগ্রী বিতরণে নিরলস ভাবে সহায়তা করে আসছে উপজেলা আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, বুধবার (১ এপ্রিল) সকালে আড়ানী পৌরসভা রুস্তমপুর ৯নং ওয়ার্ডের গরীব রিক্সা-ভ্যান শ্রমিক ও দিন মজুরদের মাঝে সরকারী বরাদ্দের চাল বিতরণী অনুষ্ঠানে রুস্তমপুর হাইস্কুল মাঠে আড়ানী পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোঃ মুক্তার আলীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন আনসার ভিডিপির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন রুস্তমপুর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: লিটন আলী, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসান হাবীব জনি, যুবলীগের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, আনসার সদস্য সাগর আলী প্রমূখ।
উপস্থিত তালিকা ধারী ৪০ জন কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় মেয়র মুক্তার আলী বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তালিকা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে বাড়িতে অবস্থানকারী নিম্নআয়ের পরিবারের লোকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অনুদান সকলের মাঝে বিতরণ করা হচ্ছে। এসময় আনসারদের দায়িত্ব পালন নিয়ে বলেন আনসার সদস্যদের যেকোনো দুর্যোগের সময় আমরা পাশেই পেয়ে থাকি তাদের দায়িত্ব পালন সত্যিই প্রশংসনীয়।
জানতে চাইলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মিলন কুমার দাস বলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তার নির্দেশনায় সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রতি ওয়ার্ডে দুইজন করে আনসার সদস্যদের প্রস্তুত রেখেছি তারা সব সময় উপজেলা প্রশাসন কে সহযোগিতা প্রদান করে আসছে এবং উপজেলা পর্যায়ে পর্যাপ্তসংখ্যক আনসার সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন রেজা বলেন, দেশের এই দুর্যোগের সময় আনসার-ভিডিপি বাহিনীর সদস্য-সদস্যাদের দায়িত্ব পালন সত্যিই প্রশংসনীয়। তারা ইউনিয়ন ও পৌরসভার পর্যায়ের সকল ওয়ার্ডে সরকারের দেওয়া ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তথা স্থানীয় জনপ্রতিনিধিদের নিরলসভাবে সহায়তা সহযোগিতা প্রদান করে আসছে। তারা সত্যিই নিঃস্বার্থ দায়িত্ব পালনের জন্য প্রশংসার দাবিদার।


কোন মন্তব্য নেই