চাঁপাইনবাবগঞ্জে পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৩ টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ ১ জন এবং ২ হাজার ২’শ ৫৬ পিস ইয়াবাসহ ইউপি সদস্যকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে গোমস্তাপুর উপজেলায় ও বারঘরিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালায় র্যাব সদস্যরা।
আটকরা হচ্ছে, নওগাঁ জেলার পোরশা উপজেলার নারায়নপুর গ্রামের মো. তমিজ উদ্দিনের ছেলে মোঃ আমির চাঁন (২৩) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নূর আলম খানের ছেলে ইউপি সদস্য মো. রঞ্জু খান (৩৫)।
র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাত প্রায় পৌনে ৮টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের রিফুজিপাড়ায় অভিযান চালিয়ে আমির চাঁনকে অস্ত্রসহ আটক করে।
অপরদিকে, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া বাজার সংলগ্ন আলমদিনা কম্পিউটার এন্ড টেলিকম দোকানের পূর্ব পাশের রাস্তায় কতিপয় ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উক্ত স্থানে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ রঞ্জুকে আটক করে।
তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় পৃথক আইনে মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই