কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার
কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো: রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রোশন আলী মাস্টারের নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মধ্যে দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে।
দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানা গেছে।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ‘‘ ৯ ডিসেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত কুমিল্লা (উত্তর) জেলা বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির নির্দেশ অনুযায়ী কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি পদে মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক পদে রোশন আলী মাস্টার এর নাম ঘোষণা করা হয়েছে।
এর আগে গত সোমবার জেলার চান্দিনা উপজেলা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কুমিল্লা (উত্তর) আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কিন্তু ওই দিন কমিটির নাম ঘোষণা না করায় কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে দলীয় ফোরামে নানা গুঞ্জন শুরু হয়।
"শুভেচ্ছা বিনিময়"
এদিকে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক ও এনামুল হক শামীম এমপির সাথে দেখা করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক আলী আশরাফ এমপি, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি ও সেলিমা আহমাদ মেরী এমপিসহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ।
"শ্রদ্ধা নিবেদন"
এদিকে বুধবার বিকেলে ধানমন্ডি ৩২-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রোশন আলী মাস্টার পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় উত্তরের সংসদ সদস্যদের সাথে এক বৈঠকে মিলিত হন। তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রোশন আলী মাস্টার বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করলাম। জননেত্রী শেখ হাসিনা দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের উপর দলের যে দায়িত্ব দিয়েছেন সর্বস্তরের নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে দলকে শক্তিশালী করতে একটি গ্রহনযোগ্য কমিটি গঠন সহ সব রকমের পদক্ষেপ গ্রহণ করা হবে।এ বিষয়ে দলের সর্বস্তরের নবীন ও প্রবীন নেতা-কর্মীদের সহায়তা ও পরার্শ কামনা করছি।




কোন মন্তব্য নেই