কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন সমাপ্ত
এম.এ.কে আজাদ,স্টাফ রিপোর্টারঃ
আজ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শেখ সেলিম এমপি বলেছেন, বিশ্বের কোন দেশেই স্বাধীনতার বিপক্ষের শক্তি নেই , বাংলাদেশেও স্বাধীনতার বিপক্ষের বলতে কোন শক্তি থাকতে পারবে না।
এসময় তিনি আরও বলে, জিয়া-মোস্তাকই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।
কুমিল্লা উত্তর জেলার রাজনৈতিক সদর দপ্তর চান্দিনা উপজেলার চান্দিনা মহিলা কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বুড়িচং-ব্রহ্মণপাড়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি ছাড়াও ৭ টি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা উত্তর জেলার ৫টি আসনের সংসদ সদস্যগণ।
এদিকে, সম্মেলন স্থল ঘিরে গোটা চান্দিনা এখন নতুন সাজে সজ্জিত। সম্মেলনে প্রায় ২০০ জনকে কাউন্সিলর ও প্রায় দুই হাজার জনকে ডেলিগেট চূড়ান্ত করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে দ্বিতীয় অধিবেশনে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদ ঘোষণা করার কথা থাকলেও অবশেষে পদ দুটি অঘোষিত রেখেই নেত্রীবৃন্দ সমাবেশ স্থল ত্যাগ করেন।
শোনা যায় ৭টি উপজেলার কাউন্সিলর সম্পূর্ণ না হওয়ায় কমিটি অঘোষিত রেখেই নেত্রী বৃন্দ সমাবেশ সমাপ্ত করেন।
প্রসঙ্গত, এবার উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন ৪ জন। এরা হলেন, সভাপতি প্রার্থী বর্তমান কমিটিসহ তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ম. রুহুল আমিন। অপরদিকে, সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার এবং বর্তমান কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ।
উল্লেখ্য এর আগে ১৯ বছর পর উত্তর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল গত ২০১৬ সালে। ১৯৯২ সালে কুমিল্লা জেলাকে সাংগঠনিকভাবে দুই ভাগে ভাগ করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৭ সালে চান্দিনার বর্তমান এমপি অধ্যাপক আলী আশরাফকে সভাপতি ও মুরাদনগরের জাহাঙ্গীর আলম সরকারকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।



কোন মন্তব্য নেই