Header Ads

  • সংবাদ শিরোনাম

    আখাউড়ায় সাংবাদিক হয়রানির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন


    আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরীক্ষায় নকল নিয়ে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম। 

    এতে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সহসভাপতি মোহাম্মদ আরজু ও সৈয়দ মোহাম্মদ আকরাম, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, জ্যেষ্ঠ সাংবাদিক আবদুন নূর ও জাবেদ রহিম বিজন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী প্রমুখ। 

    এসময় বক্তারা আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামীকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারে আল্টিমেটাম দেন সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা আরো বলেন, আখাউড়ায় পরীক্ষায় অনিয়মের চিত্র ওই দুই সাংবাদিক তুলে ধরেছেন। আখাউড়ায় এখন সাংবাদিকতা করার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখার চেষ্টা করছে প্রভাবশালীরা। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যহারের দাবি জানাচ্ছি আমরা। ইউএনও তাহমিনা আক্তার রেইনা এবং ওসি রসুল আহমদ নিজামীর ছলচাতুরির কারণে সাংবাদিকদের এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। 

    আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে আখাউড়া থেকে প্রত্যাহার না করা হলে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

    মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে।
    উল্লেখ্য, আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে জেএসসি পরীক্ষায় শিক্ষকের সহায়তায় নকল এবং অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যায়যায়দিনের আখাউড়া প্রতিনিধি হান্নান খাদেম ও দৈনিক যুগান্তরের মহিউদ্দিন মিশুর বিরুদ্ধে গত বছরের ৯ ডিসেম্বর মামলা দায়ের করেন আখাউড়া উপজেলার মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইকবাল।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad