মোটরসাইকেল ছিনতাইকালে তিন যুবককে পুলিশে দিল গ্রামবাসী
বিশেষ প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মোটরসাইকেল ছিনতাইকালে তিন যুবককে গ্রামবাসী আটক করে পুলিশে দিয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আড়পাড়া এলাকায় খালাতো ও ফুপাতো তিন ভাই ফাঁকা রাস্তায় গাছের সাথে রশি বেধে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করছিল। এছাড়াও বাঘা থানা পুলিশ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি ও মাদক ব্যবসায় জড়িত এক নারীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে (৫০) তার নিজ বাড়ি মীরগঞ্জ বারসাদিয়া দিয়ারপাড়া থেকে গ্রেফতার করেন বাঘা থানার এএসআই মাসুদ ইকবাল।
এর আগে রাত ৯টার দিকে উপজেলার আড়পাড়া এলাকার ফাঁকা রাস্তায় গাছের সাথে রশি বেধে মোটরসাইকেল ছিনতাইকালে গ্রামবাসীর হাতে আটক হন ওই এলাকার সজিব (১৬), মিলিক বাঘা গ্রামের রবিউল ইসলাম(১৭) ও চক আমোদপুর গ্রামের মিজানুর রহমান (১৮)। তারা তিনজন পরস্পর খালাতো ও ফুপাতো ভাই বলে জানা গেছে।
অপরদিকে রবিবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর গাবতলী পাড়ায় মাদক ব্যবসার সাথে জড়িত জবির আলীর স্ত্রী শেফালী বেগমকে (৪৫) তার ঘর তল্লাশি করে ৬০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, আটককৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


কোন মন্তব্য নেই