জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক ইউপি চেয়ারম্যান পুত্রকে কুপিয়ে হত্যা
বরিশাল জেলা প্রতিনিধিঃ
বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপাং তালুকদার (৪০) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে আজ রবিবার সকালে এই ঘটনা ঘটে।
আহত ব্যাক্তিকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রবিবার বেলা ১১ টার সময় রক্তাক্ত আপাংকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় কোপানোর ফলে প্রচুর রক্তক্ষরণের কারণে বেলা ১টার সময় তার মৃত্যু হয়েছে।
আহতের বড় বোন কাজল বেগম জানায়, তার সৎ ভাগ্নে রাসেল চৌকিদারদের সাথে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে রবিবার সকাল ৮টার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সৎ ভাগ্নে রাসেল চৌকিদার, আরিফ চৌকিদার ও রাজিব চৌকিদারসহ ৭-৮জন শাবল দিয়ে মাথায় ও পায়ে কুপিয়ে আপাংকে রক্তাক্ত জখম করে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আপাং তালুকদারকে খুন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কারও বিরুদ্ধে থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযুক্ত হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



কোন মন্তব্য নেই