দেবিদ্বারে ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি
সাইফুল ইসলাম সজিব,দেবিদ্বার /
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি’র খাদ্য সহায়তা পাচ্ছেন উপজেলার ২০ হাজার পরিবার। করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র, গরিব ও অসহায় মানুষের মাঝে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেন। প্রথম দিনে উপজেলার ইউসুফপুর, বড়শালঘর, রসুলপুর ও মোহনপুর এ চারটি ইউনিয়নে ২০টি পিকআপের প্রতিটিতে ৭০০ প্যাকেট করে মোট ২৫ টন খাদ্য সামগ্রী পাঠানো হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও এক কেজি ডাল। এমপির নিজস্ব তহবিল থেকে প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০ হাজার পরিবারের মধ্যে ৩২০ মেট্রিক টন এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, আমার নির্বাচনী এলাকায় অনেক গরিব-দুঃখী মানুষ রয়েছে যারা করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়েছেন। তাই আসন্ন রমজান মাসে যেন কোন গরিব ও কর্মহীন মানুষ না খেয়ে থাকতে হয় সেই জন্য উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও প্রশাসনের উদ্যোগে সকলের সহযোগিতায় ২০ হাজার পরিবারের বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, ঈদুল ফিতরের আগে এসব কর্মহীন ও গরিব পরিবারের মাঝে ঈদ সামগ্রীও বিতরণ করারও পরিকল্পনা রয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণর সময় উপস্থিত ছিলেন, ইউএনও মো. রাকিব হাসান, পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, ওসি মো. জহিরুল আনোয়ার, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, সেচ্ছাসেবক লীগ নেতা মো. নুরুল আমিন, সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা আবু কাউছার অনিক, দেবিদ্বার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুবেলসহ দলীয় নেতৃবৃন্দ প্রমুখ।


কোন মন্তব্য নেই